জাতীয়
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরের ৩৮ ফ্লাইট বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচলেও। ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্তের কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, শুধুমাত্র এদিনই ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধপরিস্থিতির কারণে সংশ্লিষ্ট অঞ্চলের আকাশপথ আংশিক বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট। সব মিলিয়ে চার দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে এয়ার অ্যারাবিয়া।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে একই পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অন্তত ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে।

মতামত দিন