বগুড়ার বদলে কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।
বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। ফলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবার রাজধানীতেই আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন জানান, আগামী ১০ মার্চ ঢাকার কড়াইল বস্তি থেকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে।
এর আগে পরিকল্পনা ছিল, একই দিনে বগুড়া সফরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচন সামনে থাকায় নির্বাচনী বিধিনিষেধ বিবেচনায় সফরটি বাতিল করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভোটের আগে সেখানে কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি।
সরকারি সূত্র জানায়, পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে দেশের ১৪টি উপজেলার নির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ডে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এ সুবিধা দেওয়া হবে। কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
পাইলট প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তিসহ রাজধানীর কয়েকটি নিম্নআয়ের এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বগুড়া সদর, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নির্দিষ্ট ওয়ার্ডেও এ কার্যক্রম চালু হবে।
সরকার বলছে, প্রকল্পটির কার্যকারিতা যাচাই শেষে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
মতামত দিন