মোটা চালের দাম বাড়ায় তৎপর সরকার, জরুরি নির্দেশ প্রধানমন্ত্রীর।
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির বিষয়টি সামনে আসার পরপরই বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যপণ্যের মূল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, নিম্নআয়ের মানুষের খাদ্যতালিকায় মোটা চাল গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসামাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে সক্রিয় হতে বলা হয়। সরকারের এ উদ্যোগের পর বাজারে কিছুটা স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে স্থাপন করা বিভিন্ন বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় প্রদর্শন এড়ানো এবং নগর শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, সামুদ্রিক ডাকাতি এবং অবৈধ পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মতামত দিন