জাতীয়
ছবি: সংগৃহীত

সৈয়দপুরে আগুনে ঢাকা ব্যাংকসহ চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত।

নিজেস্ব প্রতিবেদক:

নীলফামারীর সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যাংক শাখাসহ একাধিক দোকান পুড়ে গেছে। আগুনে বিপুল পরিমাণ মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি তুলা সংরক্ষণাগার থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সৈয়দপুর ইউনিটের সঙ্গে পার্বতীপুর ও সেনানিবাসের দমকল দল ঘটনাস্থলে যোগ দেয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখার ভেতরের বিভিন্ন সরঞ্জাম, নথিপত্র ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

মতামত দিন