কলকাতা থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ।
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ দেশে আনা হয়েছে।
রোববার (১ মার্চ) রাত প্রায় ৯টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করে।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে স্থলপথে বাংলাদেশে ফেরেন। নিজ গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে ‘ভিপি জোয়াহের’ নামে পরিচিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন