জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের কলেজ গেটে তালা।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাই ডিগ্রি কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফলের বিষয়ে শিক্ষার্থীদের অসন্তোষের কারণে কলেজের প্রধান গেটে তালা দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য কলেজের শিক্ষকদের ভবনের ভিতরে আটক রাখে।

রোববার (১ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ সূত্র জানায়, ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ৩৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগে ২৮ জন শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছে। প্রথম পর্যায়ে ৪০ জন, দ্বিতীয় পর্যায়ে ৩৮ জন এবং বিশেষ বিবেচনায় ৭৩ জন শিক্ষার্থীকে পাস দেওয়া হয়। মোট ১৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

ফেল হওয়া শিক্ষার্থী অভিযোগ করেন, “আমরা ফলাফল দেখতে চাইছিলাম, কিন্তু তা দেখতে দেওয়া হয়নি। শিক্ষকেরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমনকি একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। কিছু শিক্ষার্থী রাজনৈতিক হস্তক্ষেপে পাস করা হয়েছে।“আমরা কয়েকটি বিষয়ে ফেল করেছি। কিন্তু আমাদের ফলাফল দেখা যায়নি। আমাদের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীদের সবাইকে পাস করা হোক।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, “কিছু শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেন না এবং কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরীক্ষার ফলাফল উন্নয়নের জন্য ইংরেজি ও আইসিটি বিষয়গুলোতে যারা নির্দিষ্ট নম্বর পেয়েছে তাদের পাস দেওয়া হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন।”

মিরসরাই থানার এসআই শরীফ উদ্দিন জানান, “ফেল হওয়া শিক্ষার্থীরা কলেজে তালা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছিল। পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে এনে তালা খুলে দেয়।”

মতামত দিন