জাতীয়
ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারের কার্যক্রমে কোনো ত্রুটি থাকলে তা নির্ভয়ে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করে।

শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার চায় গণমাধ্যম কোনো ধরনের চাপ বা বাধা ছাড়াই কাজ করুক। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের আর্থিক ও পেশাগত সক্ষমতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, স্বাধীন সংবাদমাধ্যম গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে সাংবাদিকদের পেশাগত সমস্যাগুলো সমাধানে সরকার উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত পেশাদার সাংবাদিকরা যেন নিরাপদ পরিবেশে কাজ চালিয়ে যেতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, র‌্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন–এর মহাসচিব কাদের গনি চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও সাংবাদিক নেতারা।

মতামত দিন