জাতীয়
ছবি: সংগৃহীত

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মহাসড়ক অবরোধে দীর্ঘ যানজট।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানাকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ সহিংস রূপ নিলে ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল থেকে মইকুলি এলাকার একটি রপ্তানিমুখী গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পাওনা বেতন পরিশোধ ও চাকরি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরে আন্দোলনকারীদের একটি অংশ মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়।

সড়ক অবরোধের ফলে কয়েক ঘণ্টার মধ্যে উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক এমনকি অ্যাম্বুলেন্সও আটকা পড়ে।

পুলিশ শ্রমিকদের সড়ক ছাড়তে অনুরোধ করলে উত্তেজনা বাড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কিছু যানবাহন ও কারখানার সামনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

শ্রমিকদের দাবি, কয়েক মাস ধরে বেতন-ভাতা পরিশোধ না করায় তারা চরম সংকটে রয়েছেন। প্রতিবাদ জানালে সহকর্মীদের ওপর হামলা ও ছাঁটাইয়ের অভিযোগও তোলা হয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মতামত দিন