অনুমতি ছাড়া অন্য পেশায় জড়ালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী।
অনুমোদন ছাড়া শিক্ষকদের অন্য কোনো পেশায় সম্পৃক্ত থাকার বিষয়টি সরকার কঠোরভাবে দেখছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রত্যেক পেশাজীবীর নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কেউ যদি নিয়ম বহির্ভূতভাবে অন্য কাজে যুক্ত হন, তাহলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
কারিগরি শিক্ষাখাতের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় এ খাতে সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি উন্নয়নে শিগগিরই নতুন নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এ প্রক্রিয়া চালু হতে পারে।
এর আগে কচুয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

মতামত দিন