জমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু হবে: ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু জানিয়েছেন, জমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করতে দেশের মানুষের সুবিধার জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে সহজ ও হয়রানিমুক্ত সেবা দেওয়া।
মন্ত্রী জানান, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ঘুরে আবেদন করতে হবে না। তিনি সরাসরি কেন্দ্র থেকে আবেদন জমা দিতে পারবেন এবং প্রয়োজনীয় সরকারি কার্যক্রম সম্পন্ন হবে। এতে সাধারণ মানুষের সময় বাঁচবে এবং হয়রানির সুযোগও কমে আসবে।
মিজানুর রহমান আরও বলেন, ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আইন ও বিধিমালার আওতায় কাজ করছে। তবে সেবা আরও সময়োপযোগী করতে কিছু ক্ষেত্রে আইন-নিয়ম সংশোধন করা প্রয়োজন। সংশোধনী প্রস্তাবের মাধ্যমে তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
এছাড়া রাজশাহীর সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী জানান, শহরের উন্নয়ন কাজ দল-মত নির্বিশেষে পরিচালিত হবে। তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণ, শিল্পায়ন জোরদার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে নগরীর মানুষের জীবনমান উন্নয়ন করা হবে।
শুক্রবার সকালেই মন্ত্রী রাজশাহীর বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয়রা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত জানান।
মতামত দিন