কক্সবাজারের এলপিজি পাম্পে বিস্ফোরণ,৬ জন দগ্ধ তিনজন আইসিইউতে।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই সংকটাপন্ন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলাতলীর এন আলম এলপিজি গ্যাস পাম্পে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মারাত্মক দগ্ধ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের ২০ শতাংশ থেকে শুরু করে ৯০ শতাংশ পর্যন্ত অংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থার কারণে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বাকিরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন—আবু তাহের, মো. সিরাজ, আবদুর রহিম, মো. সাকিব, মোতাহের হোসেন ও আবুল কাশেম।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, কক্সবাজার থেকে আনা ছয়জনই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। দগ্ধের মাত্রা অনেক বেশি হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের হালিশহরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণে নয়জন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি চারজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

মতামত দিন