জাতীয়
ছবি: সংগৃহীত

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু।

রাজধানীর নটরডেম কলেজ ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ৩টার দিকে কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান তিনি।

সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ধ্রুবব্রত দাসের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার মধ্যপাড়া এলাকায়। তিনি বানী ব্রত দাসের ছেলে এবং পরিবারসহ ঢাকার টিকাটুলিতে ভাড়া বাসায় থাকতেন।

সহপাঠীদের বরাতে জানা গেছে, আজ তাদের টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। সেই ফল আনতেই ধ্রুব কলেজে গিয়েছিলেন। হঠাৎ ‘ফাদার টিম’ ভবনের ওপর থেকে পড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহপাঠী ও স্বজনরা তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে ধ্রুব তৃতীয় তলার রেলিংয়ের ওপর বসে ছিলেন। সেখান থেকে কীভাবে পড়ে মারা গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন