জাতীয়
ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশ নিয়োগে জাতীয় সংগীত শুদ্ধভাবে না লিখার কারণে সকলকে অনুত্তীর্ণ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। কমিটি জানিয়েছে, জাতীয় সংগীত শুদ্ধভাবে না লিখায় কেউ উত্তীর্ণ হয়নি।

পরীক্ষা অনুষ্ঠিত হয় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে। প্রথমে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে ১৫ মিনিটের মধ্যে জাতীয় সংগীত লিখতে বলা হয়। নির্ধারিত সময়ে কেউই গানটি সঠিকভাবে লিখতে পারেননি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের পাঁচটি মহল্লাদার পদে ৩৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা ফলাফলে সবাই অনুত্তীর্ণ হওয়ায় নিয়োগ প্রক্রিয়া পুনরায় নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, গ্রাম পুলিশের মতো গুরুত্বপূর্ণ পদে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা জরুরি। তবে অনেকেই স্বচ্ছ ও মেধাভিত্তিক পরীক্ষা আয়োজনের পদ্ধতিকে প্রশংসা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, “শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা পরীক্ষা করা হয়। অত্যন্ত দুঃখজনকভাবে কেউ জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। সাধারণ জ্ঞান এবং দেশপ্রেম অবশ্যই চাকরির জন্য থাকা উচিত।”

নিয়োগ কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

মতামত দিন