রাষ্ট্রীয় আয়োজনে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এক আয়োজনের সাক্ষী হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় জীবনে অনন্য অবদান রাখা গুণীজনদের সম্মান জানাতে প্রতিবছরের মতো এবারও এই রাষ্ট্রীয় পদক প্রদান করা হয়। বিভিন্ন শাখায় মনোনীত ব্যক্তিরা নিজেদের কর্মজীবনের সাফল্যের জন্য এ স্বীকৃতি পেয়েছেন।
চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ এ বছরের পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন। পাশাপাশি সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজও মনোনয়ন পেয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

মতামত দিন