জাতীয়
ছবি: সংগৃহীত

পাঙ্গাস মাছ দিয়ে রসগোল্লা বানিয়ে চমক, বগুড়ার গৃহবধূর ব্যতিক্রমী উদ্যোগ।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ায় এক গৃহবধূর উদ্ভাবনী উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। প্রচলিত ছানার রসগোল্লার ধারা ভেঙে পাঙ্গাস মাছ ব্যবহার করে ব্যতিক্রমী এক মিষ্টি তৈরি করেছেন তিনি।

স্বাদে ভিন্নতা থাকলেও এতে মাছের গন্ধের কোনো উপস্থিতি নেই—এটাই সবচেয়ে বড় বিস্ময়।

উদ্যোক্তা আশা আকতার জানান, রান্নাঘরে নতুন কিছু করার আগ্রহ থেকেই তার এই প্রচেষ্টা। স্বল্পমূল্যের পাঙ্গাস মাছকে ভিন্ন রূপ দেওয়ার ভাবনা থেকে শুরু হয় একাধিক পরীক্ষা। প্রথমদিকে কাঙ্ক্ষিত ফল পাননি—কখনো স্বাদ ঠিক থাকেনি, কখনো গন্ধ পুরোপুরি দূর হয়নি। কিন্তু ধাপে ধাপে পদ্ধতি বদলে শেষ পর্যন্ত এমন একটি রেসিপি দাঁড় করান, যা এখন সাড়া ফেলেছে।

তার পদ্ধতিতে মাছ ভালোভাবে পরিষ্কার ও সিদ্ধ করার পর চর্বি আলাদা করা হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ ছানা ও নিজস্ব উপাদান মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। সেই মণ্ড থেকে ছোট বল বানিয়ে ঘন চিনির সিরায় ডুবিয়ে রাখা হয় দীর্ঘ সময়। ফলে তৈরি হয় নরম ও রসালো মিষ্টি।

প্রথমে পরিবারের সদস্যদের দিয়ে স্বাদ যাচাই করেন তিনি। ইতিবাচক মতামত পাওয়ার পর প্রতিবেশীদের মধ্যেও তা জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে প্রতিদিন কয়েক কেজি পর্যন্ত মিষ্টি তৈরি করছেন তিনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।

স্থানীয়দের মতে, নাম শুনে সন্দেহ জাগলেও খাওয়ার পর ধারণা বদলে যায়। অনেকেই বলছেন, স্বাদে এটি প্রচলিত রসগোল্লা থেকে আলাদা হলেও উপভোগ্য।

আশা আকতার ভবিষ্যতে ছোট আকারে নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে চান। তার বিশ্বাস, সৃজনশীল চিন্তা ও পরিশ্রম থাকলে ঘরে বসেই নারীরা উদ্যোক্তা হতে পারেন।

মতামত দিন