চট্টগ্রামে বাসায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৫।
চট্টগ্রামের হালিশহরের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দগ্ধ শাখাওয়াত হোসেন মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাখাওয়াতের ফুফাতো ভাই জামশেদ আলম।
এর আগে মঙ্গলবার রাতে শাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই পরিবারের অন্যান্য নিহতরা হলেন সামির আহমেদ সুমন, শাখাওয়াত হোসেনের ছেলে সাফায়াত হোসেন এবং শাখাওয়াতের স্ত্রী নুরজাহান বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ বাসায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় আহত ৯ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর অবস্থার কারণে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন।

মতামত দিন