বিক্ষোভে সড়ক অবরোধ নয়, নগরবাসীর স্বার্থে ডিএমপির অনুরোধ।
রাজধানীতে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ মে) ডিএমপি ডিসি মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
যানজট কমাতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে জানিয়ে ডিএমপি জানায়, কারণ-অকারণে রাস্তা অবরোধ করে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানো অত্যন্ত দুঃখজনক।
এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মতামত দিন