জাতীয়
ছবি: সংগৃহীত

জুনিয়র শিক্ষার্থীদের বৃত্তি কত টাকা পাবে, জানালেন শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা, দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি এবং জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠিকভাবে প্রকাশ করা হয়েছে। রাজধানীর সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল ঘোষণা করেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি সহ এককালীন অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। যারা এবার বৃত্তি পাননি, তাদেরও নিরুৎসাহিত হওয়ার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত, তাই তাদের মেধা ও অধ্যবসায়কে এগিয়ে নিতে সরকার বিভিন্ন সহায়তা অব্যাহত রাখবে।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জনকে মেধা বৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম শ্রেণির পরীক্ষায় ৬৩ হাজার ৯৩০ জন, দাখিল ৮ম শ্রেণির পরীক্ষায় ৪৩ হাজার ৭০৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) পরীক্ষায় ২৬১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ৪৫০ টাকা মাসিক ও ৫৬০ টাকা এককালীন অনুদান পাবেন। সাধারণ বৃত্তি প্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং এককালীনভাবে ৩৫০ টাকা পাবেন।

ফলাফল প্রকাশের সাথে শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সকল শিক্ষা বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সুষ্ঠু পরীক্ষা ও ফলাফল প্রকাশে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, এই বৃত্তি শিক্ষার্থীদের আরও উদ্দীপিত করবে এবং দেশের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন