সুনামগঞ্জে হাওরগামী হাউসবোটে আগুন।
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী “মাছরাঙা” হাউসবোটে বুধবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। আনোয়ারপুর বাজারের কাছে রক্তি নদীতে নৌকাটিতে আগুনের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকার মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া দেখা দিলে কয়েক মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। নৌকার ভিতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটর ও অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়। তবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্কিত হয়েছিল। তবে স্থানীয়রা সময়মতো আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন