পারিবারিক কারণে দায়িত্ব ছাড়ার আবেদন ডিএমপি কমিশনারের।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছেন।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২১ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই দিনই অন্তর্বর্তী সরকার তাকে এ পদে নিয়োগ দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
চাকরির নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

মতামত দিন