রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী।
রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপনা পরিচালকের পদে পরিবর্তন এসেছে। প্রকৌশলী রমানাথ পূজারী নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রটির মানবসম্পদ ও জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
দায়িত্ব নেওয়ার আগে রমানাথ পূজারী একই প্রকল্পে প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। সে সময় প্ল্যান্ট পরিচালনা, উৎপাদন ধারাবাহিক রাখা, সক্ষমতা উন্নয়ন এবং পরিবেশগত নির্দেশনা অনুসরণ নিশ্চিত করার কাজে তিনি যুক্ত ছিলেন। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকায় অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন কার্যক্রমেও তার সম্পৃক্ততার কথা জানানো হয়েছে।
ভারতের ওড়িশা রাজ্যে ১৯৬৮ সালে জন্ম নেওয়া এই প্রকৌশলী যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন ভুবনেশ্বরের একটি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। পরবর্তীতে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা নেন গুরগাঁওয়ের এমডিআইতে। এছাড়া আহমেদাবাদের আইআইএম ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৮৯ সালে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থা NTPC Limited–এ যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ছত্তিশগড়ের সিপাত পাওয়ার স্টেশনসহ বিভিন্ন বড় বিদ্যুৎকেন্দ্রে নেতৃত্ব দিয়েছেন।

মতামত দিন