জাতীয়
ছবি: সংগৃহীত

গোসল করতে নেমে ব্রহ্মপুত্রে নিখোঁজ দুই ভাই, দুই দিন পর ভেসে উঠল মরদেহ।

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাই ইব্রাহিম ও ইমরান হোসেনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।নিখোঁজের দুই দিন পর সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটির দিকে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশু ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) আপন দুই ভাই। গত শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা।

ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়; তবে সন্ধান না মেলায় ওইদিন সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

সোমবার সকালে নদীর পালের ঘাট এলাকায় দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন