১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
নতুন নির্বাচিত আইনসভা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী ১২ মার্চ। সেদিন সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন, ইংরেজি ২০২৬ সালের ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় এই অধিবেশন শুরু হবে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
সংবিধান অনুযায়ী, প্রথম অধিবেশন বসার দিন থেকেই সংসদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হয়। সে হিসাবে এই সংসদের কার্যকাল চলবে ২০৩১ সালের ১১ মার্চ পর্যন্ত।
নতুন অধিবেশনে শপথ, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সাংবিধানিক বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মতামত দিন