জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণ, নারী-শিশুসহ ৯ জন দগ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হালিশহর এলাকায় ভোররাতে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ মোট ৯ জন দগ্ধ হয়েছেন।

ঘটনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকের ছয়তলা ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলায় ঘটে। প্রাথমিক ধারণা, রান্নাঘরের চুলা থেকে গ্যাস বের হয়ে জমে থাকা অবস্থায় আগুনের সংস্পর্শে বিস্ফোরণ হয়।

দগ্ধদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। তারা হলেন: শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। আহতদের সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিভাগের উপসহকারী আলমগীর হোসেন বলেন, ভবনের গ্যাস লাইন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে যুক্ত ছিল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখছেন।


মতামত দিন