প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীন বাংলাদেশের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন জানায়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বেইজিং আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
এর আগের দিন রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়াও ওয়েন। তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ প্রকাশ করলেও নতুন সরকারের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট মন্তব্য করেননি।
এ সময় তিনি ইঙ্গিত দেন, এ অঞ্চলে চীনের কর্মকাণ্ড মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য। কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ তিনি সমর্থন করেন না বলেও মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়ও গুরুত্ব পায়। চীন নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে স্থিতিশীল ও ফলপ্রসূ অংশীদারিত্ব বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেছে।
মতামত দিন