দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী।
শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে আন্দোলনের প্রয়োজন হবে না বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একইসঙ্গে তিনি শিক্ষকদের উদ্দেশে প্রশ্ন রাখেন—শিক্ষার মানোন্নয়নে তারা কীভাবে আরও সক্রিয় ভূমিকা রাখবেন, সে বিষয়ে প্রতিশ্রুতি প্রয়োজন। তার মন্তব্য, শুধু সমস্যার দিক তুলে ধরলে চলবে না; ইতিবাচক উদ্যোগও থাকতে হবে।
ঈদ বোনাস প্রসঙ্গে তিনি জানান, শতভাগ বোনাসের দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে না; বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব না থাকায় এটি নিয়ে আলাদা আলোচনা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া দেশের ৬৪ জেলায় সৎ লোকের অভাব আছে—এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় তারা দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করেছেন। তার ভাষ্য, তারা নিজেরা দুর্নীতিতে জড়াবেন না এবং অন্য কাউকেও দুর্নীতির সুযোগ দেবেন না।
মতামত দিন