নকলের মতো শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস এবং ইভটিজিংমুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শুক্রবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ঘোষণা করেছেন, শিক্ষাক্ষেত্রে নকলমুক্তির অভিজ্ঞতার মতোই এখন দেশের শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস এবং ইভটিজিংমুক্ত করা হবে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত ও প্রগতিশীল অগ্রযাত্রা শুরু হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেছেন, কচুয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে নকলমুক্ত শিক্ষার মতো মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। কচুয়া হবে সেই যাত্রার প্রথম ধাপ।"
শুভেচ্ছা জানাতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এবং দলীয় নেতাকর্মীরা শিক্ষামন্ত্রীর আগমনে উপস্থিত ছিলেন। ঢাকা–কচুয়া সড়কের বিভিন্ন স্থানে স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
প্রশাসনিক বৈঠকের পর শিক্ষামন্ত্রী কচুয়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মিলিত হন এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
মতামত দিন