বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে জানান, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা।
মন্ত্রী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলেন, সিলেটের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করা হবে। বিশেষভাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, আইটি পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠা এই পরিকল্পনার অংশ। তিনি বলেন, “বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এগুলোর গুরুত্ব অপরিসীম।”
মুক্তাদির বৈশ্বিক প্রতিযোগিতার জন্য এআই ও ডিজিটাল প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা যদি পিছিয়ে থাকি, অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে। তাই আমাদের সক্ষমতা বাড়াতে হবে এবং আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগাতে হবে।”
রপ্তানি খাতের বর্তমান চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, “গত কয়েক মাসে আমাদের রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। রপ্তানি বাস্কেটের ৮৫ শতাংশই একমাত্র পণ্যে সীমাবদ্ধ। তাই বৈচিত্র্য আনা এবং রপ্তানি সম্প্রসারণ আগামী দিনের বড় চ্যালেঞ্জ।”
সভায় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতামত দিন