জাতীয়
ছবি: সংগৃহীত

প্রথম আলো কার্যালয়ে হামলা ব্যর্থতার দায় আমাদের:ফাওজুল কবীর খান।

নিজেস্ব প্রতিবেদক:

ফাওজুল কবীর খান অন্তর্বর্তী সরকারের সময় প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, অগ্নিদগ্ধ হওয়া থেকে সংবাদপত্রটিকে রক্ষা করতে না পারা সরকারের ব্যর্থতা এবং এ ব্যর্থতার ক্ষেত্রে কোনো ‘যদি বা কিন্তু’ নেই। গত ১৮ ফেব্রুয়ারি দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়ে তিনি ঘটনাটির প্রসঙ্গ তুলে ধরেন।

ফাওজুল কবীর খান বলেন, কোনো গণমাধ্যমে হামলা দুঃখজনক হলেও বিশ্বের বিভিন্ন দেশেও এমন ঘটনা ঘটেছে—উদাহরণ হিসেবে তিনি ক্যাপিটল হিল–এ হামলার কথা উল্লেখ করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে তিনি ‘অমার্জনীয়’ বলে অভিহিত করেন।

মতভিন্নতা ও সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, কেবল উগ্রবাদীদের দোষারোপ করে পরিস্থিতির সমাধান হবে না। বরং পরমতসহিষ্ণুতা ও খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। তিনি দাবি করেন, দেশে ইসলামপন্থী বা উগ্রবাদীদের ওপর নৃশংসতার অভিযোগ রয়েছে এবং এ নিয়ে সামাজিক বিভাজন তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গত ১৮ ডিসেম্বর রাতের দিকে একদল হামলাকারী প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একই সময়ে দ্য ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। এছাড়া ছায়ানট এবং উদীচী শিল্পীগোষ্ঠী–এর কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

মতামত দিন