২৬ ফেব্রুয়ারি বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি রমজান মাসের মধ্যেই এই অধিবেশন আহ্বান করা হচ্ছে।
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নবগঠিত সংসদের প্রথম অধিবেশন ডাকতে হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে অধিবেশন আহ্বান করেন এবং তার আদেশেই বৈঠকের নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গত ১৪ ফেব্রুয়ারি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। সেই হিসেবে আগামী ১৬ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অতীতের ১২টি জাতীয় সংসদের মধ্যে মাত্র তিনটির প্রথম অধিবেশন রমজান মাসে অনুষ্ঠিত হয়েছিল। এবারও রমজানের মধ্যেই নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে।

মতামত দিন