জাতীয়
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে আগতদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শ্রদ্ধা জানাতে আসা মানুষের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ মিনারে প্রবেশের জন্য নির্দিষ্ট কয়েকটি সড়ক ব্যবহার করতে হবে—পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার সড়ক। নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে বিকল্প বা অননুমোদিত পথ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থীদের দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল হয়ে বেরিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য বস্তু বা সন্দেহজনক সামগ্রী বহন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কমিশনার আরও জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে শহীদ মিনার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে এবং প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

মতামত দিন