জাতীয়
ছবি: সংগৃহীত

১৮০ দিনের রোডম্যাপে সড়কে শৃঙ্খলা ফেরানোই অগ্রাধিকার: সেতুমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রেল, নৌ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে আগেরবার নেওয়া ব্যবস্থাগুলোই এবারও অনুসরণ করা হবে। পাশাপাশি যাত্রা আরও স্বস্তিদায়ক করতে নতুন কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সড়ক পরিবহনে কথিত চাঁদা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করে থাকে, যা তাদের কল্যাণমূলক কাজেই ব্যয় হওয়ার কথা। তবে এই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কি না, তা যাচাই করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মেট্রোরেল প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)–সম্পর্কিত একটি প্রকল্প নিয়ে তিনি মন্তব্য করেন, প্রকল্পটি রাষ্ট্রীয় প্রয়োজনের তুলনায় ব্যক্তিকেন্দ্রিকভাবে নেওয়া হয়েছিল বলে ধারণা রয়েছে। পরিকল্পনায় বড় আকারের সড়ক অবকাঠামোর কথা থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি। ফলে প্রকল্পটি চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের আগ্রহ কম। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা নিয়ম মেনেই করা হবে, যাতে অতিরিক্ত ক্ষতির ঝুঁকি না বাড়ে।

মতামত দিন