নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, ফ্যামিলি কার্ড দ্রুততম সময়ে পরিবারের নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডে প্রদত্ত অর্থ পূর্বের কোনো ভাতার তুলনায় দ্বিগুণ বা তারও বেশি হবে। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর নেতৃত্বে একটি উপ কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
জাহিদ আরও বলেন, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হবে না এবং মধ্যস্বত্ত্বভোগী থাকবে না। প্রতিটি পরিবারের নারীর হাতে সরাসরি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে ৫০ শতাংশ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি চলমান অন্যান্য ভাতা কার্ডও কার্যকর থাকবে। এটি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উদ্যোগের অংশ। তিন দিনের মধ্যে জানা যাবে, প্রতিটি পরিবার কতটাকা বা কতটি কার্ড পাবে।

মতামত দিন