জাতীয়
ছবি: সংগৃহীত

আখাউড়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের দুটি পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুর ও বিকেলে রুটি ও বনগজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুটি গ্রামের শেখ সেলিম মিয়া (৬০) ও বনগজ এলাকার জমির খান (২২)।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে রুটি গ্রামের কৃষক শেখ সেলিম মিয়া নিজ জমিতে ধান কাটার পর খড় গুছানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে রুবেল শেখ বলেন, “বাবা প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে আমরা ভেবেছিলাম তিনি ফিরে আসবেন। কিছুক্ষণ পর জানতে পারি তিনি বজ্রপাতে মারা গেছেন।”

অন্যদিকে, দুপুরে বনগজ এলাকায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে নিহত হন ২২ বছর বয়সী যুবক জমির খান। তিনি স্থানীয় মদন খানের ছেলে।

ধরখার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহিনুর বেগম ঘটনাস্থলে গিয়ে উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক এই দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মতামত দিন