জাতীয়
ছবি: সংগৃহীত

সরকার বদলের পর যমুনা ছাড়ছেন ড.ইউনূস, গুলশানের বাসায় ফেরার প্রস্তুতি।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠে যেতে পারেন এবং আগামী সপ্তাহের মধ্যেই এই স্থানান্তর সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয় এবং ইউনূসের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী ভবিষ্যতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তেই বসবাস করতে পারেন। তবে সেখানে কিছু সংস্কারকাজ প্রয়োজন বলে ধারণা করা হচ্ছে এবং কাজ শেষ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

২০২৪ সালের ৮ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গঠিত হয়। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং দায়িত্ব শেষে কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

দায়িত্ব শেষে তিনি আবার আগের পেশাগত কার্যক্রমে সক্রিয় হতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি নবঅনুমোদিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম তদারকিতেও তার সম্পৃক্ততা থাকতে পারে। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ প্রতিষ্ঠানটির অনুমোদন দেওয়া হয়েছে।

মতামত দিন