আওয়ামী লীগ নিষিদ্ধের পর গরু জবাই করে বিরিয়ানি বিতরণ রফিকুল ইসলাম মাদানীর।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে তার প্রতিষ্ঠিত মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন এবং সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, “আমরা যে কথা দেই, তা পালন করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা বাস্তবায়নের প্রতীকী উদ্যাপন হিসেবেই এই গরু জবাই ও ভোজের আয়োজন করা হয়েছে।আমি মনে করি, আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করা উচিত।”
তিনি আরও বলেন, “দেশে ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। মানুষ আজ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, সত্যের জয় হবেই।”
উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানী বিভিন্ন সময় আলোচিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন। তবে তার অনুসারীদের মধ্যে তিনি জনপ্রিয় ধর্মীয় নেতা হিসেবে পরিচিত।
মতামত দিন