জাতীয়
ছবি: সংগৃহীত

নাফনদ ও মোহনা থেকে পাঁচ বাংলাদেশি জেলে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।

নিজেস্ব প্রতিবেদক:

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাফনদ ও বঙ্গোপসাগরের মোহনাসহ শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় পাঁচ বাংলাদেশি জেলেকে আটক করেছে।

আটককৃতরা হলেন: শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ারের ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

শাহপরীর দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রলার মালিক মো. আবুল হোসেন জানান, সেন্টমার্টিনের কাছে মাছ ধরার পর তাদের ট্রলার নোঙর করা অবস্থায় তারা নাইক্ষ্যংদিয়া এলাকায় ছিলেন। হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় অন্তত চার শতাধিক জেলে বর্তমানে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। প্রথম দফায় ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকি জেলেদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, বিষয়টি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মতামত দিন