জাতীয়
ছবি: সংগৃহীত

আজহারির স্ট্যাটাস ঘিরে আলোচনায় ইনকিলাব মঞ্চ–পুলিশ সংঘর্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।


স্ট্যাটাসে আজহারি লেখেন, ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের কঠোর আচরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প পন্থা থাকা সত্ত্বেও কেন এমন আগ্রাসী মনোভাব দেখা গেল— সেই প্রশ্নও তোলেন তিনি। বিচার দাবিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণকে তিনি দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আরও সংযত ও মানবিক আচরণ প্রত্যাশা করেন। পাশাপাশি প্রতিবাদ সমাবেশে অতিরিক্ত বল প্রয়োগের নিন্দাও জানান তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। বিকেল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রথম দফা সংঘর্ষ হয়। পরে সন্ধ্যার দিকে শাহবাগ এলাকায় অবস্থান নিতে গেলে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকেই যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় দুই ভাগে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। নিরাপত্তার অংশ হিসেবে ওই এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ।

এদিকে ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়, সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। পোস্টে আরও কয়েকজন আহত হওয়ার কথাও উল্লেখ করা হয়। তবে সরকার ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় প্রায় ৬০ জন আহত চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে বাহ্যিক আঘাত থাকলেও এখন পর্যন্ত গুলিবিদ্ধ কারও সন্ধান মেলেনি।

মতামত দিন