জাতীয়
ছবি: সংগৃহীত

পাকুন্দিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকায় বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার এক যাত্রীও গুরুতর আহত হন।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের বিএনপি নেতা জসিম উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম শোভন (১৭) এবং মধ্য পাকুন্দিয়া গ্রামের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকের ছেলে আনছার উদ্দিন আহাম্মদ লাম (২০)। তারা দুজনই পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে উপজেলা সদর থেকে ঢাকা-কিশোরগঞ্জ রোডের মির্জাপুর যাচ্ছিলেন। বরাটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোভন মারা যান, এবং গুরুতর আহত লামকে পাকুন্দিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন।

মতামত দিন