সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়াল সরকার।
সারা দেশে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও দুই মাস বা ৬০ দিন বাড়িয়েছে সরকার। নতুন করে বাড়ানো এই মেয়াদ শুরু হবে ১৪ মে থেকে।
বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু-এর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সারাদেশে বলবৎ থাকবে।
এই প্রজ্ঞাপনের ফলে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা যাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডে প্রেষণে নিয়োজিত—তাঁরা দেশের যেকোনো অঞ্চলে ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতায় অপরাধ নিয়ন্ত্রণে অভিযান ও আইনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এর আগে,গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গত ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ১৫ নভেম্বর, ১২ জানুয়ারি ও ১৩ মার্চ—তিন দফায় আরও ছয় মাস এই মেয়াদ বাড়ানো হয়।
চলমান প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্তকে আইন-শৃঙ্খলা রক্ষায় একটি ‘জরুরি ও কার্যকরী উদ্যোগ’ হিসেবে দেখছে প্রশাসন। তবে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে ভিন্নমতও রয়েছে।
মতামত দিন