জাতীয়
ছবি: সংগৃহীত

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি।

আগামী রোববার (১১ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর বিভিন্ন বৌদ্ধবিহারে আয়োজিত অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচল স্বাভাবিক রাখতে বৌদ্ধবিহারগুলোর আশপাশে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা।

বৃহস্পতিবার (৮ মে) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, যেসব সড়কে বুদ্ধপূর্ণিমার শোভাযাত্রা চলবে, সেখানে থাকবে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা। অনুষ্ঠানস্থলগুলোতে সিসিটিভি, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, ডিপিডিসি, ওয়াসা ও গণপূর্তসহ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বৌদ্ধ ধর্মীয় নেতারা।

মতামত দিন