উত্তরা ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে আগুন: একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের দুই বছরের ছেলে মো. রিশান, রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং তার ছেলে মো. রাহাব (১৭)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন। সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। উদ্ধার কার্যক্রম শেষ হতে সময় লাগে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। একজনের মরদেহ উত্তরার একটি বেসরকারি হাসপাতালে এবং অপর একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঠিক সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক দল কাজ করছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনটির দ্বিতীয় তলার একটি রান্নাঘর থেকেই আগুনের শুরু। তবে এটি বৈদ্যুতিক গোলযোগ নাকি গ্যাস লিকেজের কারণে হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তদন্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন