জাতীয়
ছবি: সংগৃহীত

মার্কিন দুই সংস্থার নির্বাচন পর্যবেক্ষণ: ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আইআরআই ও এনডিআই।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি গুরুত্বপূর্ণ সংস্থা—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)—আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তারা প্রায় এক সপ্তাহ রাজধানীতে অবস্থান করে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ এবং সামগ্রিক প্রক্রিয়া সরেজমিনে মূল্যায়ন করবে।

এর আগে ২০২৫ সালের ২০ থেকে ২৪ অক্টোবর আইআরআই ও এনডিআই যৌথভাবে একটি প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা করে। ওই মিশনে নির্বাচন কমিশনের বেশ কিছু অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া এবং নতুন করে ৪৪ লাখ ভোটার অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি জুলাই মাসে জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর এবং আন্তঃদলীয় সংলাপের উদ্যোগকেও স্বাগত জানায় সংস্থাগুলো।

তবে ওই পর্যবেক্ষণ মিশনে রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে—বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে—মতপার্থক্য রয়ে গেছে, যা প্রাক্-নির্বাচনী পরিবেশকে অনিশ্চিত করে তুলছে।

পরবর্তীতে আইআরআই নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধ এবং স্থানীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করে। সংস্থাটির মতে, দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আইআরআই ইতোমধ্যে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিশ্চিত করেছে। আইআরআই ও এনডিআই এর আগেও বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে এবং স্বাধীনভাবে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে। নির্বাচনের পর তারা একটি সুপারিশনামা প্রকাশ করবে, যেখানে ভোটকেন্দ্রিক অনিয়ম বা সহিংসতার অভিযোগ থাকলে তা স্পষ্টভাবে উঠে আসবে।

বিশ্লেষকদের মতে, এই দুই সংস্থার পর্যবেক্ষণ দেশীয় জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতামত দিন