জাতীয়
ছবি: সংগৃহীত

বজ্রপাতে স্কুলে যাওয়া হলো না, পাকুন্দিয়ায় তিন কিশোরীর মৃত্যু।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন স্কুলছাত্রী। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার  চরটেকী এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহতরা হলেন—চরটেকী নামাপাড়া ফকির বাড়ির বাদল মিয়ার মেয়ে ইরিনা (১৫), জালাল উদ্দিনের মেয়ে প্রিয়া (১৪) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৪)। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে তারা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝড় ও বৃষ্টির সময় নামাপাড়া হাকিম ভিপির বাড়ির সামনে বজ্রপাত হলে তিনজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করা হয়। বর্ষাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন এবং স্কুলটির সহকারী  শিক্ষক মোস্তফা কামাল তানসিন।

মতামত দিন