চিন্ময় দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ।
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ এই নির্দেশ দেন।
জানা গেছে, পুলিশের কাজে বাধা প্রদান, বিচারপ্রার্থীদের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং নিহত আলিফের ভাইয়ের দায়ের করা মামলাসহ মোট চারটি নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। শুনানিতে ভার্চুয়ালি অংশ নিলেও, চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা কোতোয়ালি থানার অধীনে দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।
এদিন আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। আইনজীবী ও বিচারপ্রার্থীদের বাইরে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেও নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ জানায়, গত বছরের ৩১ অক্টোবর বিএনপির মোহরা ওয়ার্ড শাখার তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। অভিযোগ ছিল জাতীয় পতাকা অবমাননার। পরে ফিরোজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকার কলাবাগান থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়।
এরপর ২৬ নভেম্বর, চিন্ময়ের জামিন শুনানির দিন আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম হামলার শিকার হন এবং নিহত হন। তার বাবা জামাল উদ্দিন হত্যার অভিযোগে ৩১ জনকে আসামি করে মামলা করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কাজকর্মে বাধা, ককটেল বিস্ফোরণ ও বিচারপ্রার্থীদের ওপর হামলার ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। মোট ছয়টি মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সাইফুল হত্যায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

মতামত দিন