চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু।
রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আজরাত সাদিয়া (২০)।
সোমবার (৫ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগর গেটের পাশে চলন্ত অটোরিকশায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতার ভাই তামজিদ নওশা জানান, তারা কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটন এলাকার বাসিন্দা। এক বছর আগে সাদিয়ার বিয়ে হয় তৌকি তাহমিদের সঙ্গে। স্বামীর সঙ্গে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো বউবাজার এলাকায় থাকতেন তিনি।
সম্প্রতি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সাদিয়া। সোমবার ভাইয়ের সঙ্গে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নিতে আফতাবনগর পাসপোর্ট অফিসে যান। কাজ শেষে তারা একটি অটোরিকশায় করে গুলশানের কালাচাঁদপুরে বড় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে চলন্ত অটোরিকশার চাকায় তার পরনের ওড়না পেঁচিয়ে যায় এবং গলায় ফাঁস লাগে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক।

মতামত দিন