জাতীয়
ছবি: সংগৃহীত

আ.লীগ কার্যালয়ে বিকট শব্দ, লিফটের ফাঁকে মিলল যুবকের মরদেহ।

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মছির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট একটি শব্দ শুনে স্থানীয়রা ভবনটির ভেতরে গিয়ে দেখেন, একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “গত বছরের ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি, একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।”

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী কালবেলাকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার বা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় উঠে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মতামত দিন