এনায়েত উল্লাহর পরিবারের নামে ১৯০ বাস জব্দের নির্দেশ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার স্ত্রী, সন্তান এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ১৯০টি বাস জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ মে) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি কাজ করছে। অনুসন্ধানে দেখা গেছে, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের নামে এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের অন্তর্ভুক্ত ১৯০টি বাস রয়েছে।
দুদকের দাবি, অভিযুক্তরা এসব গাড়ির মালিকানা হস্তান্তরের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে গাড়িগুলো জব্দ করা জরুরি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই আদালত এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চামশে জাহান নিশির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

মতামত দিন