বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিরাপত্তা শাখার এক কর্মকর্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। ওই কর্মকর্তার নাম মামুন-অর-রশিদ (৩০)।
রোববার (৪ মে) দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে আটকের পর মতিহার থানা পুলিশে খবর দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহাম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত বছরের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মামুন একজন এজাহারভুক্ত আসামি। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে থানায় সোপর্দ করেছে। যেহেতু মামলাটি বোয়ালিয়া থানায়, তাই মতিহার থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।”
পরে বিকেলে মামুন-অর-রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, মামুন-অর-রশিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুয়েটের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। মামুন-অর-রশিদ ছিলেন অভিযুক্তদের একজন।
মতামত দিন