জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই।
জামায়াতে ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার (৪ মে) রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
যুক্তরাজ্যে দীর্ঘ নির্বাসিত জীবনের পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর দেশে ফিরে আইন পেশায় সক্রিয় হন এই জ্যেষ্ঠ আইনজীবী। সুপ্রিম কোর্টে আইন পেশায় ফেরার পর ২০২৪ সালের ৬ জানুয়ারি সহকর্মী আইনজীবীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি লড়াইয়ে অংশ নেন তিনি। এরপর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান এবং প্রায় ১১ বছর পরে দেশে ফেরেন।
ব্যারিস্টার রাজ্জাকের জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। বিএ (অনার্স) ও এমএ শেষ করে ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। লন্ডনে কয়েক বছর আইন পেশায় নিয়োজিত থাকার পর ১৯৮৬ সালে দেশে ফিরে আইনজীবী হিসেবে হাইকোর্টে তালিকাভুক্ত হন এবং পরবর্তীতে আপিল বিভাগে আইন পেশায় যুক্ত হন।
তিনি ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। আইনজীবীদের জন্য ১৯৯০ সালে ‘দ্য ল’ কাউন্সেল’ নামে একটি ফার্মও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

মতামত দিন